রবিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধা হরতাল ডেকেছে ছাত্রদল
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
আগামীকাল রবিবার খাগড়াছড়ি পুরো জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে খাগড়াছড়ি জেলা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে গ্রেফতরের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে এ হরতাল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুল মান্নান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানান।
শনিবার বিকালে খাগড়াছড়ি জেলা শহরে হরতালের সমর্থনে মিছিল করে জেলা ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপি’র দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ শেষে ভাঙ্গাব্রীজ ঘুরে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি কামাল উদ্দিন দীপ্ত ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিলসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশ কড়া পুলিশী নিরাপত্তায় শেষ হয়। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ রবিবার পুরো জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে জেলাবাসীর প্রতি আহবান জানান।



















