রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে অল্পের জন্য বেঁচে গেলেন মেসুত ওজিল


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ির বহর। তবে এ ঘটনায় তারা কেউ আহত হননি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা প্রায় ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভিআইপি বহরের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে একটি মোটরচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশাচালক আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার সময় হঠাৎ ভিআইপি প্রোটোকল ভেঙে একটি মোটরচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেলেন ওজিল এবং সন্ধ্যায় ইফতারে অংশ নেন।
উৎস : আরটিভি অনলাইন
















