শারক্বীয়ার প্রধান গ্রেফতারে জঙ্গি দমনের বড় অধ্যায়ের অবসান: সিটিটিসি


পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ’র প্রশিক্ষক নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামীম মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার (২৩ জুন) রাতে রাজধানীর ডেমরা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ তাদের গ্রেফতার করা হয়।
পরদিন ডিএমপি মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম তথা সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামীম মাহফুজকে গ্রেফতারের মধ্য দিয়ে জঙ্গি দমনের ক্ষেত্রে একটি বড় অধ্যায়ের অবসান হলো।
পুলিশের এই কর্মকর্তা জানান, এ নিয়ে শামীম তিনবার গ্রেফতার হলেন। ‘শুক্রবার গ্রেফতারের সময় তার কাছে একটি বিদেশি পিস্তল, আইডির ডেটোনেটর, জেল এক্সপ্লোসিভসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
সিটিটিসি কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৪ সালে গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর বন্দি থাকা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি, হুজি, আনসার আল ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে শামীমের সখ্য গড়ে ওঠে। ২০১৮ সালে জামিনে মুক্তি পেয়েই শামিন তার সংগঠনের কার্যক্রম শুরু করে। ২০২২ সালের শুরুতে পাহাড়ে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া প্রতিষ্ঠা করেন তিনি। শামীমের সঙ্গে তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। তার স্ত্রী আগে আনসার আল ইসলামের প্রধান নেতা ইজাজ কারগিলের স্ত্রী ছিল। তার স্ত্রী শারক্বীয়ার নারী শাখার সক্রিয় সদস্য।
সিটিটিসির প্রধান বলেন, শামীমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আরও তথ্য পেলে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে তা জানানো হবে।

















