সরকার দেশে সম্প্রীতি রক্ষায় সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে: এইচ টি ইমাম

fec-image

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, সরকার দেশে সম্প্রীতি রক্ষার মাধ্যমে সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে। যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, ততদিন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।

তিনি আরো বলেন, সম্প্রীতি রক্ষায় পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র অবদান রেখে গেছেন। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক নীতি আদর্শ তিনি লালন করে তিনি ধর্মীয় শিক্ষা প্রসারের পাশাপাশি দেশসেবায়ও কাজ করেছেন। সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি রক্ষা ও দেশের কল্যাণে পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মত নিবেদিতপ্রাণ মানুষ সমাজে বিরল। তাঁর আদর্শ সবার জন্য অনুকরণীয়।

রামুতে উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র ৩ দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের ২য় দিনের অনিত্য ও স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার সংলগ্ন মাঠে আয়োজিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

উপ-সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহজাহান আলী, সহকারি পুলিশ সুপার আদিবুল ইসলাম, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, ওসি মো. আবুল খায়ের, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি রাহুল বড়ুয়া, প্রমুখ উপস্থিত ছিলেন।

উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের ও প্রধান সমন্বয়কারী তরুণ বড়ুয়া জানান, অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বৌদ্ধ ভিক্ষু ছাড়াও আমেরিকা, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, ইটালী, মিয়ানমার, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ডসহ বিভিন্ন বৌদ্ধ প্রতীম রাষ্ট্র থেকে হাজারো বৌদ্ধ ভিক্ষু রামু-কক্সবাজারের বিভিন্ন বৌদ্ধ বিহারে অবস্থান করছেন। প্রয়াত ধর্মীয়গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে শেষ শ্রদ্ধা জানাতে দেশ-বিদেশের হাজার হাজার বৌদ্ধ ভিক্ষু ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানকে মহা-সম্মেলনে পরিনত হবে।

অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে রামুতে গত ২২ ফেব্রুয়ারি থেকে সম্প্রীতির মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় প্রতিদিন সার্কাস, মুত্যুকুপ, ওয়াটাররেস, নাগরদোলাসহ শিশুদের বিভিন্ন বিনোদন এবং দেশি-বিদেশী পণ্যের দু’শতাধিক স্টলে শিশু, কিশোর, নারী, পুরুষ ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এছাড়া সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) প্রয়াত বৌদ্ধ ধর্মীয় গুরুর শবদেহ চন্দন কাঠের আগুনে পুড়িয়ে দাহক্রিয়া সম্পন্ন হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন