নির্বাচন ঘিরে সীমান্তে নজরদারি বৃদ্ধি, মাঠে নামছে বিজিবি


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), খাগড়াছড়ির গুইমারা সেক্টরের আওতাধীন মাটিরাঙ্গা যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল খালিদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১লা ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে বিজিবি।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে যামিনীপাড়া জোন সদরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে জোন কমান্ডার বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। জনসাধারণ যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিজিবি কর্তৃক বিভিন্ন প্রেষণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
লে. কর্নেল খালিদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে সকল প্রকার চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সকল প্রকার সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ প্রতিহতের লক্ষ্যে অধিকতর সতর্কতা, নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, বিজিবি চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ গুইমারা সেক্টর সদরসহ ৩টি ব্যাটালিয়ন, ২টি জেলা ও ৭টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে। গুইমারা সেক্টরের ব্যাটালিয়নসমূহের দায়িত্বপূর্ণ এলাকা দুর্গম হওয়ায় প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৩টি সংসদীয় আসনের মোট ৩৪৪টি ভোটকেন্দ্রে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১০টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাটিরাঙ্গা উপজেলায় ২টি বেইজ ক্যাম্প হতে ৩২টি ভোটকেন্দ্রে, গুইমারায় ১টি বেইজ ক্যাম্প হতে ১৩টি ভোটকেন্দ্রে, মানিকছড়িতে ১টি বেইজ ক্যাম্প হতে ২১টি, লক্ষ্মীছড়িতে ১টি বেইজ ক্যাম্প হতে ১২টি, রামগড়ে ১টি বেইজ ক্যাম্প হতে ২০টি, মীরসরাইয়ে ২টি বেইজ ক্যাম্প হতে ১০৬টি এবং ফটিকছড়িতে ২টি বেইজ ক্যাম্প হতে ১৪০টি ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করবে বিজিবি।
বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে বলে জানান তিনি।

















