হিন্দু ধর্মকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করায় সপা নেতার জিভ কাটার হুঁশিয়ারি


ভারতে আবারও হিন্দু ধর্ম নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। বিতর্কের সূত্রপাত সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্যের হিন্দু ধর্মকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করা নিয়ে। ইতোমধ্যে এই বক্তব্যের বিরোধিতায় নেমেছে একাধিক বিজেপি নেতা। এবার মোরাদাবাদের কংগ্রেস নেতা ঘোষণা করলেন, যিনি অভিযুক্ত নেতার জিভ কাটবেন, তাকে ১০ লাখ রুপি পুরস্কার দেবেন।
এর আগে রামচরিতমানস নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়িয়েছিলেন সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য। সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা বলতে দেখা যায়, ব্রাহ্মণ্যধর্মের শিকড় বেশ গভীরে। তবে হিন্দু বলে কোনও ধর্ম নেই। এর পুরোটাই ভাঁওতা। আসলে দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষদের ফাঁদে ফেলার জন্য ষড়যন্ত্র। ব্রাহ্মণ্য ধর্মকে হিন্দু ধর্ম বলে চালানো হচ্ছে। যদি হিন্দু ধর্ম বলে কিছু থাকত তবে ‘আদিবাসী’দের সম্মান করা হত, দলিতদের সম্মান করা হত, পিছিয়ে পড়া মানুষদের সম্মান করা হত।
স্বামীর এই মন্তব্য ঘিরেই চরমে উঠেছে বিতর্ক। তার বিরুদ্ধে তোপ দেগেছেন একাধিক গেরুয়া নেতা। এবার আসরে নামল কংগ্রেসও। মোরাদাবাদ কংগ্রেসের মানবাধিকার বিভাগের দায়িত্বে থাকা নেতা গঙ্গা রাম শর্মা মঙ্গলবার সপা নেতার জিভ কেটে নেয়ার আহ্বান জানালেন। হিন্দু ধর্মের অবমাননা করায় তাকে এই শাস্তি দিতে চান কংগ্রেস নেতা। তিনি ঘোষণা করেছেন, যে স্বামী প্রসাদ মৌর্যের জিভ কেটে নেবে, তাকে ১০ লাখ রুপি পুরস্কার দেবেন তিনি। সূত্র: ইনকিলাব

















