বলিউড জগতের লুকিয়ে থাকা কঠিন বাস্তবতা নিয়ে যা বললেন জাহ্নবী কাপুর


ভারতীয় সিনেমার রঙ্গিন জগতে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক পডকাস্টে তিনি তার জীবনের সংগ্রাম ও মায়ের প্রতি মানুষের সমালোচনা নিয়ে অনুভূতি শেয়ার করেছেন।
জাহ্নবী জানান, তার মা শ্রীদেবী জীবিত অবস্থাতেই বহুবার সমালোচনা ও অপমানের মুখে পড়েছেন। অনেকেই তাকে ‘ঘরভাঙানী’ হিসেবে আখ্যায়িত করত, যা ধীরে ধীরে তার মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলেছিল। জাহ্নবী মনে করেন, মানুষ সাধারণত কাউকে হারানোর পরই তার ভালো দিকগুলো নিয়ে কথা বলে, জীবিত অবস্থায় কষ্টগুলোকে ততটা গুরুত্ব দেয় না।
ছোটবেলা থেকে মায়ের ওপর সম্পূর্ণ নির্ভরতা থাকলেও, ২০১৮ সালে প্রথম ছবি ‘ধড়ক’ মুক্তির আগেই মায়ের মৃত্যুর পর জাহ্নবীকে হঠাৎ জীবনের বড় দায়িত্ব নিতে হয়। সেই সময়টি ছিল তার জন্য অত্যন্ত কঠিন—শোকের সঙ্গে নিজের জীবন সামলানো।
তিনি স্বীকার করেন, মায়ের মৃত্যুর পর জীবনের কিছু ক্ষেত্রে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং কিছু মানুষকে অতিরিক্ত বিশ্বাস করেছেন, যা মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়েছেন।
জাহ্নবী আরও বলেন, শ্রীদেবীর মৃত্যু কেবল মাকে হারানোর বেদনা নয়, পরিবারের সম্পর্কেও বড় পরিবর্তন নিয়ে আসে। মায়ের অনুপস্থিতিতে বাবার পরিচিত রূপও যেন হারিয়ে যায়।
মাকে স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত জাহ্নবী বলেন, তার মায়ের রসবোধ, পরিবারের প্রতি যত্ন ও ভালোবাসা আজও অনুভব করেন। তিনি সুযোগ পেলে মাকে একটাই কথা বলতে চাইতেন—জীবনের সংগ্রামকে যথাযথভাবে মূল্যায়ন করতে না পারার জন্য দুঃখিত।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

















