শীতে ত্বক এবং চুলের যত্ন
শীতকাল এসে দরজায় করা নাড়ছে। এসময় শরীরের একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ করে ত্বক এবং চুলের যত্ন একটু বেশি দরকার।
অনেকেই শীত কালে ঠান্ডার কারনে ত্বক পরিষ্কার করতে চান না। কিন্তু ঠান্ডা পানির ভয়ে ত্বক পরিষ্কার না করলে ত্বকে ব্রণের উপদ্রব দেখা দেয়। তাই শীতের রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করে ঘুমাতে যাওয়া উচিত। ত্বক পরিষ্কার করার জন্য প্রথমে অলিভ অয়েল বা বেবি অয়েল দিয়ে মুখ ভালো করে ম্যাসাজ করে নিন। এরপর হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে মুখটা মুছে ফেলুন। সবশেষে ভালো কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ঘুম থেকে উঠেই মুখে ঠান্ডা পানির ঝাপটা দেবেন না। শীতের সকালে মুখ ধোবার জন্য গরম পানি ব্যবহার করুন। মুখে হালকা করে কুসুম গরম পানির ঝাপটা দিন। তারপর ক্লিনজিং লোশন নিয়ে মুখে ম্যাসাজ করুন ২ মিনিট। ক্লিনজিং ব্যবহার করতে না চাইলে মধু নিয়ে মুখে ম্যাসাজ করুন। দুই মিনিট পর ভেজা তুলো দিয়ে মুছে ফেলুন। এবার সামান্য স্ক্রাবারের সাথে আপনার পছন্দের কোন একটা ফেসওয়াশ মেশান এবং মুখে মাখুন। যেভাবে ফেসওয়াশ দিয়ে মুখে পরিষ্কার করেন, ঠিক একইভাবে পরিষ্কার করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। এবার ত্বকে লাগিয়ে নিন আপনার পছন্দের কোন ফেসক্রিম। যারা ক্রিম ব্যবহার করতে চান না, তাড়া সমান সমান পরিমাণ পানি ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন। ব্যস, তৈরি আপনার ত্বক সারাদিনের জন্য।
ফেস প্যাক:
অন্য সময়ের থেকে শীতের ফেস প্যাক হবে একটু আলাদা। কারণ, এসময়ে দরকার ত্বকের বাড়তি যতœ। শীতে ত্বকের যত্নের জন্য জেনে নিন দুটি ফেস প্যাক বানানোর পদ্ধতি।
* এক টুকরা পাউরুটি দুধে ভিজিয়ে নরম করে এর সঙ্গে খানিকটা পাকা কলা চটকে মিশিয়ে পেস্ট করে নিন। এরপর চন্দন গুঁড়া মিশিয়ে ওই মিশ্রণটি মুখে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে মুখটা ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে শুষ্ক ত্বক মোলায়েম হয়ে ওঠে।
* পাকা কলা, পাকা পেপে ও ময়দা এক সঙ্গে পেস্ট তৈরি করে নিন। এরপর এই পেস্টটি ১০/১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃন।
এছাড়াও, ত্বককে মসৃণ ও কোমল রাখতে সামুদ্রিক কড মাছের যকৃত দ্বারা তৈরি তেল সম্পূরক উপাদান হিসেবে ব্যবহার করুন। এক্ষেত্রে লেবুর রস এবং কড লিভার তেল এর মিশ্রণ তৈরি করে নিয়ে শরীরে প্রয়োগ করতে পারেন।
অতি দ্রুত ত্বকের গোলাপি আভা ফিরিয়ে আনতে অলিভ, কোকোনাট এবং জুজুবা তেল কয়েক ফোঁটা আপনার গালে এবং ভ্রু এর হাড়ে ধীরে ধীরে প্রয়োগ করুন।
হট ওয়েল ম্যাসেজ:
শীত কালে অনেকেরই চুল রুক্ষ হয়ে যায় এং আগা ফেটে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে শীতের রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলে নারিকেল তেল বা অলিভ অয়েল গরম করে ম্যাসাজ করেন নিন। চুলের আগায় ও গোড়ায় ভালো করে হালকা গরম তেল ম্যাসাজ করে ঘুমিয়ে যান। সারা রাত চুলে তেলের উপস্থিতিতে চুলের রুক্ষ ভাব কেটে যাবে এবং চুল হয়ে উঠবে ঝলমলে উজ্জ্বল।
খাবার:
সবুজ শাকসবজি ত্বকের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান। এটা আপনি রান্না করে অথবা রস বানিয়ে খেতে পারেন। যদি রস বানিয়ে খেতে চান তাহলে প্রতিদিন এক কাপ করে নিয়মিত খাবেন। এটা আপনার ত্বকের বর্ণ উজ্জ্বল রাখবে এবং আপনার পরিপাকতন্ত্র সচল রাখবে। দিনে অন্তত্য ৮ গ্লাস বেশি পানি পান করুন।



















