লক্ষ্মীছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ- জেএসএস’র মধ্যে ৩ঘন্টা ব্যাপী বন্দুক যুদ্ধ
মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি :
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় দুর্গম বর্মাছড়ি ইউনিয়নে রক্তছড়ি এলাকায় শনিবার সকালে প্রায় ৩ঘন্টা ব্যাপী ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস) এর মধে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপিডিএফ’র ২কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেলেও সত্যতা নিশ্চিত করা যায় নি।
তবে এ গোলাগুলির ঘটনায় দৌড়ে পালানোর সময় ওবামা মারমা(২৫) নামে এক পথচারি গুলিবিদ্ধ হয়েছে বলে সূত্রে জানা গেছে। আহত ওবামা মারমাকে সেনাবাহিনী উদ্ধার করে চিকিৎসা দিচ্ছেন বলে জানা গেছে। ঘটনার পরই উক্ত এলাকায় সেনাটহল জোড়দার করা হয়েছে।
জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে রক্তছড়ি এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টই (ইউপিডিএফ) এবং পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস) এর সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা শুরু হয়। থেমে থেমে এ গোলাগুলির ঘটনা চলে আনুমানিক বেলা ১০টা পর্যন্ত। বেশ কয়েকজন আহত হওয়া ছাড়াও ২জন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন এমন খবর পাওয়া গেলেও কোন সূত্র থেকে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
তবে এ গোলাগুলির ঘটনায় ইউপিডিএফ-জেএসএস কোন পক্ষ থেকেই বক্তব্য পাওয়া যায় নি। লক্ষ্মীছড়ি উপজেলা সদর থেকে আনুমানিক ২৫ কি: মি: দুরে ঘটনাস্থল হওয়ায় সঠিক খবরটি নিশ্চিত করা যায় নি।
লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো: কামরুল হাসান গোলাগুলি ঘটনা লোকমুখে শুনেছেন। পুলিশ এ বিষয়ে সতর্ক আছে প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকা দখল কিংবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা।



















