হরমুজ প্রণালীতে আটক ২২ ইরানি নাবিককে মুক্তি দিল যুক্তরাষ্ট্র


হরমুজ প্রণালীতে আটক হওয়া ইরানি জাহাজ তুসকা-এর ২২ নাবিককে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসহাক দার বলেন, যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা ট্যাঙ্কারটির ২২ ইরানি নাবিক পাকিস্তানে পৌঁছেছেন। তাদের দ্রুত ও নিরাপদে নিজ দেশে ফেরাতে পাকিস্তানে অবস্থিত ইরানি মিশনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এ বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
তিনি জানান, গত দুই মাসে এটি ইরানি নাবিকদের চতুর্থ দল, যাদের দেশে ফেরার প্রক্রিয়ায় পাকিস্তান সহায়তা করেছে। এ পর্যন্ত পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ৭০ জনের বেশি ইরানি নাগরিককে দেশে ফিরতে সহায়তা দেওয়া হয়েছে। এ জন্য পাকিস্তানের ওপর আস্থা রাখায় তেহরানকে ধন্যবাদ জানান তিনি।
গত ২০ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অতিক্রমের চেষ্টা করলে হরমুজ প্রণালীতে তুসকা জাহাজটি আটক করা হয়। পরে তিনি বলেন, জাহাজটিতে চীন থেকে আনা অত্যন্ত গোপনীয় একটি পণ্য ছিল।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার সময় যুক্তরাষ্ট্রের হাতে আটক একটি তেলবাহী ট্যাঙ্কারের ২২ ইরানি নাবিককে পাকিস্তানের করাচিতে অবস্থিত ইরানি কনস্যুলেটে হস্তান্তর করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তারা ইরানে ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে।
তবে ইরনা বা ইরানি কর্তৃপক্ষ ট্যাঙ্কারটির পরিচয়, কোথায় এবং কখন এটি আটক করা হয়েছিল—এসব বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
সূত্র: ডন, আরব নিউজ।

















