মহালছড়ি ক্যায়াংঘাটে সেনাবাহিনী কর্তৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
উপজেলা প্রতিনিধি, মহালছড়ি :
খাগড়াছড়ি’র মহালছড়ি উপজেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল ক্যায়াংঘাট নতুন বাজারে গরীব ও দুস্থ পরিবারের শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়ন। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার পাহাড়ী ও বাঙ্গালী প্রায় পাঁচ শতাধিক গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ শহীদুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের জিটু আই মেজর মঈন, ক্যাপ্টেন ফরহাদ প্রমূখ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম পিএসসি বলেন, নিরাপত্তা রক্ষার পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড, সেবামূলক কর্মকান্ডসহ সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। তাছাড়া এলাকার শান্তি সম্প্রীতি রক্ষার্থে সেনাবাহিনী সব সময় কাজ করে আসছে।
কম্বল বিতরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম পিএসসি ক্যায়াংঘাট নতুন বাজার পাড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণ করেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণের সাথে মত বিনিময় করেন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তার দৃষ্টি আকর্ষণ করেন ।
এসময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামশুল ইসলাম পিএসসি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা বিবেচনা করে নগদ ১ লক্ষ টাকা ও ৫ মে. টন খাদ্যশস্য প্রদান সহ সেনাবাহিনীর সামর্থ অনুযায়ী এলাকার অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন।


















