খাগড়াছড়িতে সনাকের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী


জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ির উদ্যোগে ‘বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনার দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং ১৫ আগস্ট হত্যাকাণ্ড দেশের জন্য অপূরণীয় ক্ষতি নিয়ে আলোচনা করেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
সনাক সভাপতি (ভারপ্রাপ্ত) অংসুই মারমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।
সনাকের এসিজি (স্বাস্থ্য) বিভাগের আহবায়ক পারভিন আক্তারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি ‘র (ভূমি) বিভাগের আহবায়ক মো. আব্দুর রহিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন টিআইবি-সনাকের খাগড়াছড়ির কোঅর্ডিনেটর মো. আব্দুর রহমান।
জাতীয় দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনার দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শীর্ষকের উপর ধারণা পত্র পাঠ করেন ইয়েস সদস্য শিমুল দাস।
আলোচনা সভা শেষে শোক দিবস উপলক্ষে আয়োজিত উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা।

















