ইউপিডিএফের ৪ নেতাকর্মীর লাশ ময়নাতদন্তের পর স্বজনদের নিকট হস্তান্তর, একগুচ্ছ কর্মসূচি ঘোষণা


খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ প্রসীত গ্রুপের ৪ নেতাকর্মীর লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে তাদের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়।
এর আগে নিহত ৪ জনের লাশ ১৯ ঘণ্টা পর মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পানছড়ি থানায় নিয়ে আসে পুলিশ।
দুর্গম এলাকা হওয়ায় লাশ উদ্ধারে দেরি হয়েছে বলে জানান পানছড়ি থানার ওসি সফিউল আজম। তবে এ বিষয়ে মুখ খুলছেন না নিহতের স্বজনরা।
উল্লেখ, সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ির দুর্গম সীমান্ত এলাকার পাহাড়ি জনপদ পুজগাং এর অনিলপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয়, ইউপিডিএফ প্রসীত গ্রুপের অঙ্গ-সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা। এসময় সন্ত্রাসীরা আরো ৩ জনকে ধরে নিয়ে যায়। ইউপিডিএফ প্রসীত গ্রুপ এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করলেও ইউপিডিএফ গণতান্ত্রিক তা অস্বীকার করেছে।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে ই্উপিডিএফ প্রসীত গ্রুপ। কর্মসূচির মধ্যে রয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বর প্রতিবাদ সমাবেশ ও শোক সভা, বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন, ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত পানছড়ি বাজার বয়কট (প্রয়োজনে বয়কটের মেয়াদ বাড়ানো হতে পারে)। ১৭ ডিসেম্বর পানছড়ি উপজেলাব্যাপী সাধারণ ধর্মঘট ও ১৮ ডিসেম্বর খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সড়ক অবরোধ।

















