চকরিয়ায় মানববন্ধন, স্মারকলিপি পেশ


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে আটক ও দেশের বিভিন্ন স্থানে প্রতিনিধিদের (ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ) হেনস্তা, আটক এবং পেশাগত নিরাপত্তা, সম্মান, সুনির্দিষ্ট নীতিমালা ও কর্মপরিবেশ নিশ্চিতের দাবীতে সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায়ও মডেল ফারিয়া চকরিয়া’র আয়োজনে প্রতিবাদী মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরশহরের সোসাইটি মসজিদের সামনে মডেল ফারিয়া চকরিয়া’র আয়োজনে এ কর্মসূচি পালন করেন।
মডেল ফারিয়া চকরিয়া শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম। সিনিয়র সহ-সভাপতি মো: জাকারিয়া’র সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন- মডেল ফারিয়া চকরিয়া স্থায়ী পরিষদ সদস্য জাবেরুল ইসলাম, জাহেদুল ইসলাম, আবদুল হামিদ, উপদেষ্টা পরিষদ সদস্য আবদুল গনি ও সাধারণ সদস্য মিজবাহ উদ্দিন দিদার প্রমুখ।
এসময় চকরিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক বিক্রয় প্রতিনিধি উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন।
আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দেশের শিক্ষিত সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। চিকিৎসকদের কাছে ওষুধ ও চিকিৎসাসংক্রান্ত তথ্য তুলে ধরার মাধ্যমে তারা রোগীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
হাসপাতাল প্রাঙ্গণে রিপ্রেজেন্টেটিভদের কাজ করার নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে হবে। অথচ দেশের বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠান, বিশেষ করে ঢাকা মেডিকেল ও আইসিএমএইচসহ বিভিন্ন স্থানে প্রতিনিধিরা নিয়মিত হেনস্থার শিকার হচ্ছেন। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে প্রতিনিধিদের নিয়ে মানহানিকর ভিডিও বা মন্তব্য বন্ধের দাবিও করেছেন। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা সরকারের কাছে ওষুধ প্রতিনিধিদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ৪ মে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১২ জন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও পুলিশ। এরই প্রতিবাদে মডেল ফারিয়া চকরিয়া শাখার আয়োজনে এ মানববন্ধন করেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সংগঠন।

















