দাবা বোর্ডেই লুটিয়ে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া, হাসপাতালে মৃত্যু


আজ বাংলাদেশ দাবা ফেডারেশনে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ড চলছিল। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। প্রতিপক্ষ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালো পজিশনেই ছিলেন জিয়া। কিন্তু ম্যাচ চলাকালীন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ৫০ বছর বয়সী এই গ্র্যান্ডমাস্টার।
বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচটি চলতে চলতে ৫টা ৫২ মিনিটে হঠাৎ লুটিয়ে পড়েন জিয়াউর। এরপর অনাকাঙ্ক্ষিত সেই খবর শুনেই সবাই দ্রুত ছুটে যান দাবা বোর্ডের রুমে। তড়িঘড়ি করে তাঁকে ধরে নিচে নামানো হয়। জিএম রাজীবের গাড়িতে করে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় জিয়াকে। মিনিট দশেকের মধ্যেই হাসপাতালে পৌঁছে যায় গাড়ি।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা দ্রুতই তাঁর চিকিৎসা শুরু করেন। তবে প্রায় ১৫ মিনিট ধরে চেষ্টা করেও চিকিৎসকেরা তাঁর পালস খুঁজে পাননি। কিছুক্ষণ পরই খবর আসে, জিয়া আর নেই। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া।
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। ১৯৯৩ সালে আন্তর্জাতিক মাস্টার (আইএম) খেতাব পান জিয়া। ২০০২ সালে অর্জন করেন গ্র্যান্ডমাস্টার (জিএম) খেতাব। বিগত ২০২১ সালে তিনি ৭.৫/৯ স্কোর নিয়ে ঢাকায় মুজিববর্ষ আমন্ত্রণপত্র জিতেছিলেন।
৪৪তম দাবা অলিম্পিয়াডে ছেলে তাহসিন তাজওয়ার জিয়ার সঙ্গে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। ২০২২ সালে তাঁরাই বনে গিয়েছিলেন বাংলাদেশের প্রথম পিতা-পুত্র জুটি, যাঁরা জাতীয় দাবা দলে ছিলেন।

















