মহেশখালীতে মাদকবিরোধী অভিযান! মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড


কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ( ২৩ জুন) দুপুরে কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় সাইফুল করিম (৩০) নামের এক যুবককে প্রকাশ্যে গাঁজা ও দেশীয় চোলাই মদ সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আধারঘোনা বাজার ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবী ও অসাধু চক্রের তৎপরতা বৃদ্ধি পাচ্ছিল। এতে এলাকার তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। প্রশাসনের এ ধরনের অভিযানকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন- কালারমারছড়া পুলিশ বিটের ইনচার্জ এসআই রাজু আহমদ গাজী, হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তহসিলদার মিছবাহ উদ্দিন সহ পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি, রাঙামাটি
Facebook Comment

















