অব্যবস্থাপনায় পানছড়িতে শেষ হলো জাতীয় শিশু প্রতিযোগিতা
পানছড়ি প্রতিনিধি:
জেলার পানছড়ি উপজেলার হ-য-ব-র-ল ব্যবস্থাপনার মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা ২০১৫। বৃহষ্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ মাঠে শুরু হওয়া প্রতিযোগিতায় হাতে গোনা দু’একটি বিদ্যালয়ের প্রতিযোগী ছাড়া মাঠে কাউকে দেখা যায়নি। তবে প্রতিযোগীর চেয়ে বিচারক ও আয়োজকের সংখ্যা ছিল দ্বিগুন। এ নিয়ে সৃষ্টি হয় এক হাস্যকর পরিস্থিতির।
২০১৫ সালের প্রথমেই শুরু হওয়া শিশুদের ১০০শ মিটার দৌড় বাঁশির অভাবে কিছুক্ষণ বিলম্বিত হয়। তাছাড়া চিত্রাংকন শুরুর নির্দিষ্ট সময় পার হলেও আর্ট পেপার না থাকায় অনেকটা বিলম্ব ঘটে। পরে পানছড়ি বাজার থেকে আর্ট পেপার নিয়ে শুরু হয় চিত্রাংকন প্রতিযোগিতা। তাছাড়া শক্ত মাঠেই কোন ধরনের মাটি কাটা ছাড়াই অনুষ্ঠিত হয় উচ্চ লম্ফ ও দীর্ঘ লম্ফ। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই এ ধরণের হ-য-ব-র-ল হাস্যকর একটি অনুষ্ঠানের জন্য আয়োজক পানছড়ি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে দায়ী করেছেন।



















