বিজিবির অভিযান : পিস্তল, গুলি, মর্টার শেল ও আর্জেস গ্রেনেড উদ্ধার


কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী বিলাসীর দ্বীপ নামক স্থানে জঙ্গলের মধ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড রাইফেলের গুলি, ৩টি ৬০ মি.মি. মর্টার শেল এবং ৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেডসহ ২টি বডিসেট ফিউজ ও ৩টি অতিরিক্ত ফিউজ উদ্ধার করেছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ হোয়াইক্যং সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান হচ্ছে মর্মে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বর্ণিত সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়।
আনুমানিক বিকেল সাড়ে পাঁচটায় হোয়াইক্যং বিওপি’র নায়েক নুর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিকদল দায়িত্বপূর্ণ এলাকার বিলাসীর দ্বীপ নামক স্থানে জঙ্গলের মধ্যে চিরুনি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল জঙ্গলের মধ্য থেকে সাদা একটি ব্যাগে মোড়ানো ১টি দেশীয় পিস্তল (ওয়ান শুটার গান), ১০ রাউন্ড রাইফেলের গুলি, ৩টি ৬০ মিঃমিঃ মর্টার শেল এবং ৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেডসহ ২টি বডিসেট ফিউজ ও ৩টি অতিরিক্ত ফিউজ উদ্ধার করতে সক্ষম হয়।
এসময় অস্ত্র চোরাচালানের সাথে জড়িত কোন অপরাধী বা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িত অপরাধীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি আরো জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা এবং মর্টার শেল ও আর্জেস হ্যান্ড গ্রেনেড ধ্বংসের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ অস্ত্র চোরাচালানের সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

















