খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে পাহাড়ে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। মাইসছড়ি ইউনিয়নের এক অসহায় পরিবারের ঘরে অগ্নিসংযোগ করেছে কিছু দুষ্কৃতিকারী।
গত শুক্রবার ( ৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার সময় খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মাইসছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড লেমুছড়ি শান্তিপুর এলাকায় নিরীহ মোঃ আজিজুল হকের বাড়িতে ছাগল রাখার ঘরে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগে ৯টি ছাগল পুড়ে ছাই।
ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, উক্ত বাড়ির ছাগল রাখার ঘরের আশপাশে বৈদ্যুতিক লাইন বা আগুন লাগার কোনো বস্তু নেই। এবং বাড়ির মালিকের কাছ থেকে জানা যায়, ঘরটির উপরিভাগ থেকে আগুন লেগেছিল। এছাড়া দেখা যায়, প্রতিবেশী বাড়ি হিসেবে শুধু পাহাড়িদের বসতবাড়ি রয়েছে।
পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে ইউপিডিএফ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত মোঃ আজিজুল হক বলেন, আমি গরিব অসহায় একজন মানুষ। আমি এই ছাগল পালন করে নিজের সংসারের খরচ চালাই। এই ঘটনার পর আমি পুরো নিঃস্ব।
তিনি আরও বলেন, দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে প্রশাসন বলছে, তারা তদন্ত চালাচ্ছে এবং দ্রুত প্রকৃত অপরাধীদের আটক করা হবে।