বিরোধী আসনে উন্নয়ন তদারক করবে বিএনপির নারী এমপিরা

জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের (এমপি) আসনে উন্নয়ন তদারকি এবং রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপিদের। গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় দলটির ৩৬ নারী এমপিকে বিরোধী দলের ৭৯টি আসনের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। খবর সমকাল অনলাইনে
সভা সূত্র এ তথ্য জানিয়েছে। সভায় অংশ নেওয়া একাধিক নেতা জানান, কোনো নারী এমপিকে একটি আসনে, কাউকে দুটি এবং কয়েকজনকে সর্বোচ্চ চারটি আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকজনকে পুরো জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে জামায়াতে ইসলামী, এনসিপির নেতারা এমপি হয়েছেন। বিএনপির মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়ে জিতে আসা স্বতন্ত্র এমপি রুমিন ফারহানার আসনেও দায়িত্ব হয়েছে সরকারদলীয় নারী এমপিকে।
সভা সূত্র জানায়, বিএনপির এমপিদের কোনো আসনের দায়িত্ব সংরক্ষিত আসনের কোনো এমপিকে দেওয়া হয়নি। চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের জেতা একমাত্র আসনেও দায়িত্ব হয়েছে। তবে বাকি ছয় স্বতন্ত্র এমপি; যারা বিএনপির সঙ্গে রয়েছেন বলে মনে করা হয়, তাদের আসনের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। বিরোধী জোটের ১৩ নারী এমপিও এ রকম কোনো দায়িত্ব পাননি।
সংসদে বিরোধী দলের আসনে বসেন জামায়াতে ইসলামীর ৬৮, এনসিপির ৬, বাংলাদেশ খেলাফত মজলিসের ২, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের একজন করে এমপি।
এদিকে গতকাল সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করা প্রধানমন্ত্রী তারেক রহমান সাত মন্ত্রীর কাছে তাঁদের দপ্তরের ১০০ দিনের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান। এমপিদের নিজ নিজ এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়া, সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশনা দেন। জনকল্যাণে সরকারের গৃহীত কর্মসূচির বাস্তবায়ন এবং সরকারের মধ্যে দল হারিয়ে না যায়, সে বিষয়ে এমপিদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
















