মিয়ানমারের ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না : মিয়ানমার প্রেসিডেন্ট

fec-image

মিয়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং হ্লাইং ভারত সরকারকে আশ্বস্ত করেছেন যে, দিল্লির নিরাপত্তা স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডের জন্য মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই তথ্য নিশ্চিত করেছেন।

বিক্রম মিশ্রি জানান, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় এই বার্তা দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, দুই পক্ষই একমত হয়েছে যে, কোনো দেশের ভূখণ্ড যেন অন্য দেশের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার না হয়, তা নিশ্চিত করা জরুরি।

মিশ্রি আরও জানান, আলোচনার সময় মিন অং হ্লাইং বিশেষভাবে নিশ্চিত করেছেন যে মিয়ানমারের ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না।

মিয়ানমারের প্রেসিডেন্ট চার দিনের সফরে ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত ভারতে অবস্থান করছেন। সফরটি দুই দেশের মধ্যে প্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদি ও মিয়ানমার প্রেসিডেন্টের মধ্যে বিস্তৃত আলোচনা হয়েছে। এই বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় মোদি বলেছেন, এটি ছিল একটি ফলপ্রসূ বৈঠক এবং তিনি আনন্দিত যে দায়িত্ব গ্রহণের পর মিয়ানমার নেতার প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকে বেছে নেয়া হয়েছে।

মোদি আরও উল্লেখ করেন, মিয়ানমারের প্রেসিডেন্ট তার সফর শুরু করেছেন বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান বোধগয়ায়, যা দুই দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ককে তুলে ধরে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় ‘নেইবারহুড ফার্স্ট’, ‘অ্যাক্ট ইস্ট’ এবং ইন্দো-প্যাসিফিক নীতির আলোকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ভারত, মিয়ানমার, মিয়ানমার প্রেসিডেন্ট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন