ইরান –পাকিস্তান বৈঠক : যুদ্ধবিরতিতে পাকিস্তানের ভূমিকার ভূয়সী প্রশংসা তেহরানের


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে তেহরানে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পাকিস্তানি সেনাপ্রধানের প্রশংসা করেন ইরানি প্রেসিডেন্ট। একই সঙ্গে এ প্রচেষ্টায় অবদান রাখায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-কেও সাধুবাদ জানান তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) ইরানি গণমাধ্যমের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।
তেহরানে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উপস্থিত ছিলেন।
বৈঠকে পেজেশকিয়ান বলেন, মধ্যপ্রাচ্যের বহু যুদ্ধ ও অস্থিতিশীলতার পেছনে ইসরায়েল দায়ী এবং দেশটি ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান অঞ্চলে অস্থিতিশীলতা নয়, বরং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়।
ইসলামাবাদে সাম্প্রতিক শান্তি আলোচনায় ইরানি প্রতিনিধিদলকে আতিথেয়তা দেওয়ার জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানান ইরানি প্রেসিডেন্ট। একই সঙ্গে পাকিস্তানের জনগণ ও প্রধানমন্ত্রীর কাছে ইরানের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, ইরানি কমান্ডার ও নাগরিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে মুনির আশা প্রকাশ করেন, শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। ইরান ও ওয়াশিংটনের সাম্প্রতিক আলোচনার অগ্রগতিতেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

















