সিলেটবাসীর দুলাভাই স্লোগানের জবাবে প্রধানমন্ত্রীর হাস্যরস


“আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে”, সিলেটের জনসভায় এমন বক্তব্য দিয়ে হাস্যরসের সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।
এর আগে, একদিনের সরকারি সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বৃষ্টির মধ্যে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দেন।
এরপর বেলা ১২টার দিকে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর আগে আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা দুলাভাই বলে স্লোগান দিতে থাকলে প্রধানমন্ত্রী বলেন, “দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই চলে যাবে। যাব আমি? কথা বলব না যাব? কথা বলতে হলে চুপ করতে হবে।” তিনি আরও বলেন, “আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে।”
জনসভায় প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে তাদের জবাবদিহিতা জনগণের কাছেই। মানুষের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা পৌঁছে দেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব যোগ্য পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
এছাড়া ধর্মীয় নেতাদের ভাতা প্রদান ও খাল খনন কার্যক্রম শুরুর কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শিল্প খাতের উন্নয়নে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

















