আলজেরিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচ, দুই দলের শক্তির জায়গা


ফিফা বিশ্বকাপ ২০২৬ আসরে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বুধবার ( ১৭ জুন ) সকাল ৭ টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির জন্য সম্ভবত এটাই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে ফের একবার আর্জেন্টাইনদের মেগা টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন তিনি। তবে টুর্নামেন্টের শুরুতেই আলজেরিয়ার মতো প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই লিওনেল স্কালোনির শিষ্যদের। আলজেরিয়ান শিবিরের আক্রমণভাগে রিয়াদ মাহরেজের মতো অভিজ্ঞ ও চতুর ফরোয়ার্ড এখনো প্রতিপক্ষের জন্য বড় আতঙ্কের নাম।
কাতার বিশ্বকাপজয়ী স্কোয়াডের ওপরই এবারও মূল ভরসা রাখছে আর্জেন্টিনা। তবে ২০২২ সালের সেই অপ্রতিরোধ্য দলের মূল ফুটবলাররা এখন বয়সের দিক থেকে আরও চার বছর প্রবীণ। ফলে আমেরিকার মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে নিয়মিত আলো ছড়ানো মেসির ওপর থেকে চাপ কমাতে এবারের বিশ্বকাপে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের মতো তরুণ ফরোয়ার্ডদের আরও বড় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাঝমাঠে কোমোর তরুণ তারকা নিকো পাজের সংযোজন আর্জেন্টিনাকে বাড়তি শক্তি জোগাবে। বিশেষ করে আতলেতিকো মাদ্রিদে খেলা হুলিয়ান আলভারেজ আজ আর্জেন্টিনার গোল করার মূল ভরসা হয়ে উঠতে পারেন।
অন্যদিক ৩৫ বছর বয়সী রিয়াদ মাহরেজ এখনো আলজেরিয়া দলের প্রাণভোমরা হিসেবে মাঠ মাতাচ্ছেন। সৌদি লিগের দল আল-আহলিতে খেলা এই উইঙ্গারের পাশাপাশি আলজেরিয়ার আক্রমণভাগে থাকছেন ভলফসবুর্গের তুখোড় স্ট্রাইকার মোহামেদ আমৌরা এবং মার্সেইয়ের আমিন গৌরি। রক্ষণভাগে ম্যানচেস্টার সিটির রায়ান আইত-নুরির উপস্থিতি আলজেরিয়ান রক্ষণকে বেশ জমাট করেছে।
সব মিলিয়ে কাগজ-কলমে এবং বাজির দরে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকলেও, মাঠের লড়াইয়ে আলজেরিয়া তাদের সর্বোচ্চটা দিয়ে চমক দেখাতে প্রস্তুত। ফুটবল বোদ্ধাদের ধারণা, দুই দলের শক্তিমত্তা বিবেচনায় ম্যাচটিতে একাধিক গোল দেখার সম্ভাবনা রয়েছে এবং প্রথমার্ধ থেকেই মাঠের লড়াই জমে উঠবে।
ফুটবল বিশেষজ্ঞদের মতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা অন্তত তিন গোল করতে পারে।
সূত্র: সিবিএস
















