সদরঘাট ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

fec-image

সদরঘাটে ভারী বৃষ্টির কারণে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণায়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ আজ মঙ্গলবার বেলা সোয়া ১২টায় এ তথ্য জানান।

এদিকে কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে আবহাওয়া বৈরী হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। ঈদকে সামনে রেখে হঠাৎ নৌযান চলাচল বন্ধ হওয়ায় ঘাট এলাকায় ঘরমুখো হাজারো যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর এজিএম মোহাম্মদ সালাম।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয় এবং এর সঙ্গে প্রবল বৃষ্টি হতে থাকে। এতে পদ্মা নদী প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে যাত্রীসাধারণ ও নদীতে থাকা যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য ঘাটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের পারাপার করতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট ও আরিচা কাজিরহাট নৌরুটে মোট ২৬টা ফেরি ও ৩২টি লঞ্চ এবং ৬৭ স্পিড বোর্ড চলাচল করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন