মাটিরাঙ্গায় দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি, খুলেছে ২৫টি আশ্রয়কেন্দ্র

দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ২৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাহাড়ের পাদদেশ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনকে প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের জারি করা এক পত্রে বিষয়টি জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অতিবর্ষণজনিত দুর্যোগ মোকাবিলায় উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
এদিকে, ভারি বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঝুঁকি সৃষ্টি হওয়ায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষদের প্রয়োজন অনুযায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, “ভারি বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। তাই মাটিরাঙ্গা উপজেলায় ২৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী সকলকে সতর্ক থাকার এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলে জানান তিনি।

















