পানছড়িতে নিহত দুই যুবকের পরিচয় এখনো অজ্ঞাত, ১ জনের পরিচয় শনাক্ত


খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গলপাড়া এলাকায় গুলিতে নিহত তিন যুবকের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হলেও অপর দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।
গত ৬ জুলাই মধুমঙ্গলপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিন যুবক নিহত হন। ঘটনার চারদিন পেরিয়ে গেলেও নিহতদের মধ্যে মাত্র একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি রিয়েল চাকমা (পিতা: রুপায়ন চাকমা), উপজেলার ৩ নম্বর পানছড়ি ইউনিয়নের আলীচান কার্বারিপাড়ার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট বোন রেসি চাকমা।
ময়নাতদন্ত শেষে রিয়েল চাকমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর দুইজনের পরিচয় শনাক্ত না হওয়ায় তাদের মরদেহ এখনো খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, অজ্ঞাত দুইজনের বিষয়ে বিভিন্ন নাম-পরিচয় পাওয়া গেলেও সেগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি। তিনি বলেন, নিহতদের স্বজনরা সঠিক নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ নিয়ে পানছড়ি থানায় যোগাযোগ করলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
এ ঘটনায় পানছড়ি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

















