কাপ্তাইয়ে স্কুল ছাত্রী হত্যার প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ সমাবেশ রামগড়ে
কাপ্তাইয়ে স্কুল ছাত্রী ছবি মারমা(উমাচিং)র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে আজ শুক্রবার রামগড়ে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকালে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক জিকু ত্রিপুরার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিছিলটি রামগড় লেক পার্কের বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে শেষ হয়।
সেখানে গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সভাপতি গোলাপ ত্রিপুরার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গণতান্ত্রিক যুব ফোরামের জেলা আহবায়ক জিকু ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা, পাতাছড়ার ইউপি মেম্বার মানেন্দ্র চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা কলেজ শাখার অর্থ সম্পাদক অমল বিকাশ ত্রিপুরা ও রামগড় কলেজ শাখার সহ সাধারণ সম্পাদক সমর জ্যোতি চাকমা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তরা কাপ্তাইয়ে স্কুল ছাত্রী ছবি মারমা(উমাচিং)র হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবী জানান। এছাড়া নানিয়ারচরের বগাছড়িতে পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবী জানানো হয়।



















