খাগড়াছড়ির ভুয়োছড়িতে পাহাড়ী- বাঙালী সংঘর্ষে ৬ বাঙালী ২ পাহাড়ী আহত
পার্বত্যনিউজ রিপোর্ট:
খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ভুয়োছড়িতে আজ বুধবার সকালে পাহাড়ী বাঙালী সংঘর্ষে ৬ বাঙালী ও ২ পাহাড়ী আহত হয়েছে। আহত ২ বাঙালী সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তারা সকলেই খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সূত্র জানিয়েছে, স্থানীয় বাঙালীরা আজ সকালে তাদের অপহৃত বাঙালী কিশোরকে খুঁজতে ভুয়োছড়ির খ্রিস্টান পাড়ার দিকে গেলে পাহাড়ীরা তাদের উপর আক্রমণ চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে চালানো এই হামলায় পাহাড়ীরা এক বাঙালীর চোখ উপড়ে ফেলে, আরেক বাঙালীর পায়ের রগ কেটে দিয়েছে। আহত বাঙালী সদস্যরা হলো: রিপন হোসেন (৪০), শাহ আলম (৪৫), রাশেদুল ইসলাম (১৮), রেজাউল হোসেন (৬০), জাহিদুর রহমান (২৫), শহিদুল ইসলাম (৪০)। এ ঘটনায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি অপর দুই পাহাড়ী সদস্যের নাম রমা দেবী চাকমা (মা) ও বিপ্লব জ্যোতি চাকমা (ছেলে)। তারা একই পরিবারের সদস্য। রমাদেবীর বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার বর্ননায় জানা গেছে, কমলছড়ির নিহত সবিতা চাকমা রহস্যের উদঘাটন দাবী করে গতকাল বাঙালী ছাত্র পরিষদ শান্তিপূর্ণ মানববন্ধন শেষ করে কমলছড়ির রাস্তা দিয়ে ভুয়োছড়িতে ফিরছিল। সবিতা চাকমা নিহত হওয়ার পর পাহাড়ীরা এই সড়ক বন্ধ করে দিয়েছিল। ফলে বাঙালীরা সেই সড়ক দিয়ে মিছিল সহকারে ফেরায় পাহাড়ীরা উত্তেজিত হয়ে তাদের উপর হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়। এরপর আশেপাশের গ্রাম থেকে পাহাড়ী ও বাঙালীরা যোগ দিলে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। পরে পুলিশ সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় উভয়পক্ষে ৬ জন আহত হয় এবং এক বাঙালী কিশোর নিখোঁজ হয়।
আজ সকালে উক্ত বাঙালী কিশোরকে খুঁজতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়। এলাকায় প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতাযেন রয়েছে। তবু মাঝে মধ্যেই থেমে থেমে সংঘের্ষের খবর পাওয়া যাচ্ছে। এ ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ খাগড়াছড়ি শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।



















