গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৫৯ জনের লাশ উদ্ধার

fec-image

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, এখনও অব্যাহত রয়েছে প্রাণহানি। গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে নিহতদের লাশ। সর্বশেষ গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৫৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা ৪৭ হাজার ৪১৭ জনে পৌঁছেছে।

বুধবার (২৯ জানুয়ারি) আনাদোলু বার্তাসংস্থার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসকরা গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকৃত লাশগুলোর সনাক্তকরণ ও গণনা সম্পন্ন করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে নিহতের সংখ্যা এখন ৪৭ হাজার ৪১৭ জন। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় আরও আটজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৫৭১ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে রয়েছেন, কিন্তু উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছেন না। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাতের ফলে মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি থেকে গাজায় তিন-পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তির আওতায় বন্দি বিনিময়, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধবিরতি বজায় রাখা এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে, যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মাত্রা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন