জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১০৪ শিক্ষার্থী

fec-image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো স্নাতকে সর্বোচ্চ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ ১০৪ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।

কলা অনুষদের ২১ জন, বিজনেস স্টাডিজ থেকে ১৬, বিজ্ঞান অনুষদের ১৫, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১৭, লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স থেকে ২৯, আইন অনুষদ ও চারুকলা অনুষদ থেকে ৩ জন করে শিক্ষার্থী এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রদান অতিথির ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ সংকটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ‘৫২-এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ কিংবা দেশের বিভিন্ন সংকটের কথা যদি বলি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান সব সময়ই ছিল। প্রতিটি জাতীয় সংকটে তাঁদের অবস্থান ছিল দৃশ্যমান। এ কারণেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়।’

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকটের বিষয়ে তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, নতুন হল ও আবাসন সুবিধা সম্প্রসারণের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

মন্ত্রী বলেন, ‘দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে আমরা আলোচনা করছি। শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে নতুন প্রকল্প নেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।’

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ডিনস অ্যাওয়ার্ড শুধু শিক্ষার্থীদের স্বীকৃতি নয়; এটি তাঁদের মধ্যে নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজের প্রতি অঙ্গীকার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাসচিব আব্দুল খালেক বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে এবং প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমে শিক্ষা মন্ত্রণালয় সব সময় সহযোগিতা করে যাচ্ছে। নতুন ক্যাম্পাসে স্থানান্তরের আগপর্যন্ত বর্তমান ক্যাম্পাসের উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষকেরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর এবং আদর্শ শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব তাঁদের ওপরই ন্যস্ত। পুরোনো মূল্যবোধ, শিক্ষক-শিক্ষার্থীর গভীর সম্পর্ক ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: শিক্ষা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন