তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের


লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। চলতি বছরের গত জুলাই মাসের ২য় সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর ও মার্কিন দূতাবাস।
তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপি ও আগামীর নির্বাচন নিয়ে আগ্রহ বেড়েছে। যার ফলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে নির্বাচন ও সরকার গঠনে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়। চলতি বছর তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানিয়েছেন হুমায়ুন কবীর।
জানা গেছে, একান্ত এ বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনী রুপরেখা নিয়েই’বা দলটির ভাবনা কী? এমন সব মৌলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন তারা।
এর আগে, গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

















