নাফ নদী থেকে দুই চাকমা যুবককে অপহরণ


কক্সবাজারের টেকনাফের নাফ নদে কাঁকড়া ধরতে গিয়ে বাংলাদেশি দুই চাকমা যুবক অপহরণের শিকার হয়েছে।
শনিবার (১৮ মে) বিষয়টি জানিয়ে টেকনাফ থানা ও বিজিবি-২ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন অপহৃত ক্যমংখো তঞ্চঙ্গ্যার মা ছুছিং ছা তঞ্চঙ্গ্যা।
অপহৃতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ড লম্বাঘোনা মৃত ওচামং চাকমার ছেলে ছৈলা মং চাকমা (২৯) ও মংথাইংছিং তঞ্চঙ্গ্যা চাকমার ছেলে ক্যমংখো এ তঞ্চঙ্গ্যা (২৫)।
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে ওই দুই যুবকের পরিবার।
জানা যায়, বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ২টার দিকে টেকনাফের হোয়াইক্যং নাফ নদের ৫ নম্বর স্লুইসগেট এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
ছুছিং ছা তঞ্চঙ্গ্যা অভিযোগে উল্লেখ করেন, আমার ছেলে ও নাতি নাফ নদে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাঁকড়া ধরার জন্য নাফ নদে যায়। সন্ধ্যায় বাড়িতে না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারি নাফ নদ থেকে আরসার সদস্যরা ছেলে ও নাতিকে অপহরণ করে নিয়ে গেছে। এখনও তিন দিন ধরে তারা আরসার সদস্যদের কাছে জিম্মি রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, দুইজন চাকমা যুবক নিখোঁজের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।

















