ফেনীর ৭ হাজার ৩৪০ কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের কথা ভাবছে সরকার : উপদেষ্টা ফারুক ই আজম

fec-image

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর জন্য প্রস্তাবিত ৭ হাজার ৩৪০ কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনী দিয়ে বাস্তবায়নের কথা ভাবছে সরকার।

শনিবার (১২ জুলাই) সকালে ফেনীর পুরাতন মুন্সিরহাট এলাকার একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ফেনীর উত্তরাঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার কাজ করছে। এ অঞ্চলের স্থায়ী সমস্যার সমাধানে স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বানভাসিদের মধ্যে অনেকেই উপদেষ্টার কাছে পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ার অভিযোগ করেন। তাদের ক্ষোভের কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বর্তমানে ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করলেও উত্তরাঞ্চলের ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকায় এখনও স্পষ্টভাবে দেখা যাচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন।

অন্যদিকে, ছাগলনাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞা উপজেলার বেশ কয়েকটি নিচু এলাকা এখনও প্লাবিত। পানিবন্দি রয়েছেন প্রায় ৩০টি গ্রামের ৪০ হাজারের মতো মানুষ।

বন্যায় নিমজ্জিত হয়েছে প্রায় ১৭ হেক্টর কৃষিজমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারেরও বেশি পুকুর, যার ফলে অন্তত ৫ কোটি টাকার মাছ নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও সড়ক ও অন্যান্য অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন