বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স : রাষ্ট্রদূত

fec-image

গণতন্ত্রে বাংলাদেশের প্রত্যাবর্তনের পর দুই দেশের সম্পর্ক নতুন গতি পেয়েছে উল্লেখ করে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু ও কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।

মঙ্গলবার (১৪ জুলাই) ফ্রান্সের বাস্তিল দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ফরাসি দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

ফরাসি রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হওয়ায় বাংলাদেশ আবার গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের কাতারে ফিরে এসেছে। তিনি বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন।

তিনি জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে বাংলাদেশে পাঠিয়েছেন দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার দায়িত্ব দিয়ে। ব্যবসায়ী, শিক্ষার্থী, গবেষক ও শিল্পীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় ফ্রান্স।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা জোরদারে ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) ২০১২ সাল থেকে প্রায় ২০০ কোটি ইউরো ঋণ সহায়তা দিয়েছে। সংস্থাটির ৮০ শতাংশের বেশি প্রকল্প জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত।

তিনি আরও বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, অবাধ নৌচলাচল ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে ফ্রান্স। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন ও সমুদ্র সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে আগ্রহী দেশটি।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে জ্যঁ-মার্ক সেরে-শার্লে জাতিসংঘ সাধারণ পরিষদের পরবর্তী সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে উল্লেখ করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন