রাজস্থলীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে উঠেছে মৃত ৮টি গরু


রাঙামাটির রাজস্থলী উপজেলায় টানা প্রবল বর্ষণের পানির স্রোতে ভেসে গেছে সাংবাদিক আজগর ও স্থানীয় কৃষক ক্যাচিপ্রু মারমার গরু। মৃত অবস্থায় গরুগুলোকে পানিতে ভেসে উঠতে দেখা গেছে।
শনিবার (১১ জুলাই) ভোর রাতে স্থানীয় কাপ্তাই খালে গরুগুলো ভেসে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।
স্থানীয় সূত্র জানায়, ভেসে যাওয়া ৮টি গরুর মধ্যে উপজেলার মহাজনপাড়ার বাসিন্দা, ঘিলাছড়ি ইউনিয়নের কৃষক ক্যাচিপ্রু মারমার ৬টি এবং সাংবাদিক আজগরের ২টি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আমাদের গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। সবারই গরু রয়েছে। গ্রাম ও জমির মাঝখানে একটি খাল রয়েছে। খাল পার হয়ে জমিতে গিয়ে ঘাস খেয়ে প্রতিদিন বিকেলে গরুগুলো আবার গোয়ালে ফিরে আসে। শনিবার সকালে প্রবল বর্ষণে পানির তোড়ে গরুগুলো ভেসে যায়।
তারা আরও জানান, ৮টি মৃত গরু উদ্ধার করা হলেও এখন পর্যন্ত আরও কয়েকটি গরু নিখোঁজ রয়েছে। এসব গরু হারিয়ে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন।
ভুক্তভোগী কৃষক ক্যাচিপ্রু বলেন, এমন ঘটনা জীবনেও ঘটেনি। এমন কিছু ঘটতে পারে, তা আমরা চিন্তাও করিনি। আমার ৬টি গরু পানির তোড়ে ভেসে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছি।
১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, এরকম একটি খবর আমিও পেয়েছি। স্থানীয় ইউপি সদস্যকে এ ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য বলা হয়েছে।
রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিন্টু বলেন, বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রয়েছি আমরা। যতটুকু সম্ভব, আমরা তাদের সাহায্য করব।

















