রামগড়ে ৬ দফা দাবী আদায়ের লক্ষে সরকারী কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন
রামগড় প্রতিনিধি:
রামগড় উপজেলা বিসিএস সমন্বয় কমিটি (২৬ ক্যাডার), নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমূহের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে আয়োজিত কমিটির উদ্যোগে ছয় দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে রামগড় উপজেলা সদরে রামগড়-খাগড়াছড়ি সড়কের পাশে দাঁড়িয়ে সরকারী কর্মকর্তা কর্মচারীরা এ মানববন্ধন পালন করেন।
এসময় বক্তারা প্রস্তাবিত জাতীয় ৮ম বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, ক্যাডার ভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, পদন্নোতির ক্ষেত্রে সমান সুযোগ দান, আন্ত: ক্যাডার বৈষম্য দূর করা, উপজেলা থেকে কেন্দ্রীয় কর্মকর্তাদের পদমর্যাদায় সমতা, উপজেলা পরিষদে ন্যস্ত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, অন্যান্য ব্যয় এবং প্রকল্পসমূহের বিলে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর দ্বারা পরিচালনার সিদ্ধান্ত বাতিলের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভুইয়া প্রমুখ। মানববন্ধনে উপজেলা পরিষদে ন্যস্ত ১৭টি বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।


















