সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি


সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শনিবার চালানো এ হামলার তথ্য মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার মাস পর সৌদি ভূখণ্ডে এটি ইরানের প্রথম সরাসরি হামলার ঘটনা। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হামলার পর সৌদি আরবের আল-খারজ ও ইয়ানবু শহরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করে দেশটির সিভিল ডিফেন্স। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই এবং সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
এদিকে, হামলার লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক তৎপরতা বেড়েছে। সর্বশেষ এই হামলা সেই উত্তেজনাকে আরও উসকে দিতে পারে।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে সরাসরি হামলা চালিয়েছিল তেহরান। তবে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত সৌদি আরব কিংবা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি।

















