সৎ মায়ের পরকীয়া প্রেমের জেরে পেকুয়ায় জেএসসি পরীক্ষার্থী শারমিনের আত্মহত্যা
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় সৎ মায়ের পরকীয়া প্রেমের কারণে মায়ের সাথে অভিমান করে ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী সৌদি প্রবাসী দিদারুল ইসলামের কন্যা শারমিন রীমা জেনি (১৫) আত্মহত্যা করেছে। সে টইটং উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা সফলতার সাথে শেষ করে। গত ২৯ নভেম্বর ভোরের কোন এক সময় সে গলায় ফাঁস লাগিয়ে সৎ মায়ের বাসায় আত্মহত্যা করে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার টইটং ইউনিয়নের ২নং ওয়ার্ডের পন্ডিত পাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে সকাল ৮টায় পেকুয়া থানার এস আই ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সরকারী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ৮ম শ্রেনীর ছাত্রী শারমিন আকতার টইটং উচ্চ বিদ্যালয় থেকে এবারে জেএসসি পরীক্ষা শেষ করেছে। তার পিতা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবনে আছে। এরই মাঝে ২০১২ সাথে প্রথম স্ত্রী মরতুজা বেগম ও তাদের ৫ সন্তান রেখে চট্রগ্রামস্থ লোহাগাড়া থেকে শাহিন সোলতানা নামের এক মেয়ে বিবাহ করে। প্রথম স্ত্রী ও ২য় স্ত্রীর জন্য রয়েছে পৃথক পৃথক বাড়ি। ১ম স্ত্রীর কন্যা শারমিন থাকত ২য় স্ত্রীর ১তলা বিশিষ্ট ভবনে। আর ওই বাড়ির ছাদের উপর সিড়ির সাথে লাগানো একটি গাছের সাথে গলায় ফাঁস লাগানো মৃত অবস্থায় তার লাশটি পাওয়া যায়। আর ছাদের তলার সাথে উপরের দূরত্ব ছিল শুধু মাত্র ৬ ফুট। তাদের ধারণা এ আত্মহত্যার ঘটনাটি নিয়ে রহস্য রয়েছে।
এ ব্যাপারে পেকুয়া থানার এসআই ওমর ফারুক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ছাত্রী শারমিন রীমা জেনির আত্মহত্যার খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।



















