নাফ নদী থেকে নৌকাসহ ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি


কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি নৌকাসহ ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
আটক জেলেরা হলেন, নয়াপাড়া এলাকার আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া, মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইলপাড়া এলাকার আহমদ আলী, নুরুল আবছার ও আবদুর রহিম।
স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে তার এলাকার ৪ জনসহ মোট ৭ জেলে অপহৃত হয়েছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “আরাকান আর্মির কারণে নাফ নদীতে মাছ ধরা অসম্ভব হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে জেলে ও নৌকা মালিকদের পথে বসতে হবে।”
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর তারা শুনেছেন। বিস্তারিত তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বিজিবি ও ট্রলার মালিকদের তথ্যমতে, গত ১১ মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ৩২৮ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিভিন্ন সময়ে ১৮৯ জনকে ফেরত আনা সম্ভব হলেও এখনো অনেক জেলে ও ট্রলার মিয়ানমারে আটকে রয়েছে।

















