আগামী বছর থেকে চাকমা মারমা ও ত্রিপুরা ভাষায় পাঠ্যপুস্তক দেয়া হবে
স্টাফ রিপোর্টার:
২০১৭ শিক্ষাবর্ষ থেকে চাকমা, মারমা, ত্রিপুরা সহ ৫ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য নিজ ভাষায় নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর চাকমা, মারমা, ত্রিপুরা, সাদরি ও গারো ভাষায় নতুন বই বিতরণ করা হবে।
মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে আয়োজিত ২০১৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণসংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেকেই নিজের ভাষায় সবচেয়ে বেশি পারদর্শী হয়। তাদের ভাষায় বই পেয়ে তারা যেমন আনন্দিত হবে তেমনি এটি তাদের পাঠগ্রহণেও সহায়ক ভূমিকা পালন করবে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছরের মত আগামী বছরে ১ জানুয়ারিতে দেশের পাঠ্যপুস্তক উৎসবে ৩৬ কোটি ৩ লাখ ১৮ হাজার ৯৭৯টি বই বিতরণ করা হবে। গত বছর যা ছিল ৩৩ কোটি ৪৫ লাখ ১৮ হাজার ৬৩৫।
এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন ও অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন প্রমুখ।


















