খাগড়াছড়ির আদালতে জেএমবির ৪ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ
খাগড়াছড়ি প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর ৪ সদস্যেকে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। রোববার জেলা ও দায়রা জজ মো. ইনামুল হক ভূইয়ার বিশেষ ট্রাইব্যুনালে এই ৪ জনের বিরুদ্ধে ৩ জন সাক্ষ্য দেন। স্বাক্ষীরা হলেন, জেলার মাটিরাঙা উপজেলার শান্তিপুর এলাকার আবদুল হাকিম, নুরুল ইসলাম ও সুলতান আহমেদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট বিধান কানুনগো জানান, খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার দুর্গম শান্তিপুর এলাকায় ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ছুটনা গ্রামের আবদুর রহিম, খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন, মো. ইউনুস ও সামছু মিয়াকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাটিরাঙা থানায় ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর (১৯০৮ সালের অস্ত্র ও বিস্ফোরক আইনের ৪ ধারা, ২০০৮ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬(১) (খ) ধারায়) মামলা দায়ের করা হয়।
জেএমবি সদস্যদের বিচার কার্যক্রম চলাকালীন সময়ে আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয় আগামী ৮ই আগস্ট।


















