গণতান্ত্রিক পন্থায় গুইমারা উপজেলা বিএনপির কাউন্সিল

সিনিয়র স্টাফ রিপোর্টার :
সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে গুইমারা উপজেলা বিএনপির নেতৃত্বে মোহাম্মদ ইউসুফ, শেখ মোহাম্মদ ইব্রাহিম ও মো: আওলাদ হোসেন বাদল। সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে তীব্র ভোটের লড়াই শেষে নেতাকর্মীদের রায়ে সভাপতি পদে মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক পদে শেখ মোহাম্মদ ইব্রাহিম ও সাংগঠনিক সম্পাদক পদে মো: আওলাদ হোসেন বাদল প্রথম নির্বাচিত নেতৃত্ব।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে একটানা ভোটগ্রহণ শেষে গুইমারা উপজেলা বিএনপির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. এন আবছার।
এর আগে প্রথম অধিবেশনে খাগড়াছড়িতে সুসংগঠিত বিএনপির বিরুদ্ধে একটি মহল গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে উল্লেখ করে খাগড়াছড়ি জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, যতই চেষ্টা করুক না কেন ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপিকে কোনভাবেই ভাঙ্গা যাবে না। তারা গুইমারা উপজেলা বিএনপির নির্বাচিত কমিটির নেতৃত্বে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, ‘শেখ হাসিনার অনির্বাচিত বাকশালী সরকার পতনে কঠোর আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।’ তারা বলেন, হামলা-মামলা আর শত অত্যাচারের পরেও ঐক্যবদ্ধ খাগড়াছড়িতে বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র সফল হবেনা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির হলরুমে অনুষ্ঠিত গুইমারা উপজেলা বিএনপির দ্বিকার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে নেতৃবৃন্দ এ কথা বলেন।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: নুর নবী মাস্টারের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো: আবদুল মালেক মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির জৈষ্ঠ্য সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. এন আবছার ও খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিপু আহম্মেদ।
কাউন্সিল অধিবেশনে খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউসুফ, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবু তালেব, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো: ইব্রাহীম খলিল, শেখ মোহাম্মদ ইব্রাহিম ও মো: আওলাদ হোসেন বাদল প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কাউন্সিলে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো: আবু তালেব। পোলিং অফিাসার হিসেবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম খলিল ও খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইশতেয়াক আহমেদ নিপু দায়িত্ব পালন করেন।
এদিকে সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় ব্যালটের মাধ্যমে নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসুচী বাস্তবায়নে নেতাকর্মীদের সাথে রাজপথে থাকার আহবান জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। তিনি বলেন, ‘বিএনপি বরাবরই গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল আজকের কাউন্সিল অধিবেশন তার বড় নজির।’
















