গুম, খুন পরিবারের প্রতি তারেক রহমানের যে ভালোবাসা সেটি আজকের নতুন নয় : রিজভী


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অনেকের বুকভাঙা বেদনার যে বহিঃপ্রকাশ দেখেছি এটা হৃদয় বিদারক। আমরা জানি অনেকের পরিবার আজও যে বিয়োগান্ত পরিস্থিতির মধ্যে আছেন, যে বেদনাভরা জীবন যাপন করছেন, এটিকে প্রলেপ দেয়ার, নিরসন করার কোনো উপায় নেই। আপনারা আপনাদের প্রিয়জনদের হারিয়েছেন, কেউ তার স্বামী হারিয়েছেন। কেউ তার সন্তান হারিয়েছেন। সুতরাং এই যে হারানো দেশের জন্য, দলের জন্য যে অর্জন আপনার পরিবারের, এই অর্জনের কোনো প্রতিদান দেয়া সম্ভব নয়। চেয়ারম্যান তারেক রহমান আপনাদের সামনে কথা বলবেন, আপনাদের কথা শোনবেন, তিনি নিজের উদ্যোগে এই মতবিনিময় সভা করেছেন। গুম, খুন পরিবারের প্রতি তারেক রহমানের যে ভালোবাসা সেটি আজকের নতুন নয়।’
গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভায় শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলেন। শুরু হওয়া এ অনুষ্ঠানের যৌথ আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক।
এতে আরও উপস্থিত রয়েছেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা রশিদুজ্জামান মিল্লাত, নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।
















