চট্টগ্রাম নগরীতে ‘গেম অব থ্রোনস’ আদলে জামায়াত আমিরের ব্যানার

চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভাকে কেন্দ্র করে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর থিমে তৈরি একটি ব্যানার নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর স্কুল ও কলেজ মাঠে আয়োজিত জনসভাকে কেন্দ্র করে এই ব্যানারটি নগরে দেখা যায়।
চট্টগ্রাম নগরীর বড়পোল ও চকবাজার এলাকার এই ব্যানারটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলেও জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের নেতারা জানিয়েছেন, এর সঙ্গে সংগঠনের কোনও প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক সম্পর্ক নেই। এটি মূলত ভক্ত বা সমর্থকদের অতি উৎসাহী কোনও কাজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্যানারের ওপরের অংশে বড় অক্ষরে সিরিজের বিখ্যাত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ লেখা রয়েছে। ব্যানারে ডা. শফিকুর রহমানকে এক হাতে দাঁড়িপাল্লা (দলের প্রতীক) ধরে রাখা অবস্থায় দেখা যাচ্ছে এবং তার পাশে একটি সাদা নেকড়ে দাঁড়িয়ে আছে। একেবারে নিচে কার্টেসিতে লেখা, ‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম।’
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী সফর করছেন শফিকুরর রহমান। এর ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার হয়ে চট্টগ্রামে রয়েছেন তিনি। কক্সবাজারের মহেশখালী, সদর, চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায়, সীতাকুণ্ডে ও চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠসহ পাঁচটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা আছে তার।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় গণমাধ্যমকে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কতগুলো ফ্যান পেজ থেকে ছবিগুলো ভাইরাল হয়েছিল। এরপর এগুলো প্রিন্ট কেউ ব্যানার আকারে লাগিয়েছে। এটির সঙ্গে সংগঠনের কোনও সম্পর্ক নেই।’
চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘বিষয়টি শুনিনি। সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনও ব্যানার লাগানো হয়নি। এরপরও বিষয়টি নিয়ে খবর নিচ্ছি।’
















