দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নাসিবুর রহমান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আতিকুর রহমান নামে একজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে লোহাগাড়ার আধুনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কিছুক্ষণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় কক্সবাজারগামী আরেকটি মোটরসাইকেল। এতে ছিটকে পড়ে দুই মোটরসাইকেল আরোহী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক আরোহীর। অপর আরোহীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একজনের লাশ উদ্ধার করেছে। আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।















