জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বিজিবি : কর্নেল কাওসার মেহেদী

fec-image

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস্ বলেছেন, জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বিজিবি। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ২টি জেলার ৭টি উপজেলায় ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ওয়াগ্গাছড়া জোন কনফারেন্সে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে লে. কর্নেল কাওসার মেহেদী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ২টি জেলার ৭টি উপজেলায় ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে। সংসদীয় আসন-২৯৯ রাঙামাটি জেলার (কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি এবং বিলাইছড়ি উপজেলায়) প্রতিটি উপজেলায় ১টি করে বেইজ ক্যাম্প স্থাপন করে ৮০টি ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করা হচ্ছে।

তিনি বলেন, এছাড়া পাশ্ববর্তী জেলার রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নির্বাচনী দায়িত্ব পালন করবে। অত্র ব্যাটালিয়নের দায়িত্বাধীন রাঙামাটি জেলার ২টি উপজেলা দুর্গম অঞ্চলে অবস্থিত, যার মধ্যে ২৬টি ভোটকেন্দ্র রয়েছে। কাপ্তাই ব্যাটালিয়নের আওতাধীন ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৭টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ওপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত করে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

এ সময় সকল সংবাদকর্মীর নিকট সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার সহযোগিতা কামনা করেন অধিনায়ক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, বিজিবি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন