জনপ্রিয় মার্কিন অভিনেতার ‘ইসলাম গ্রহণ’


জনপ্রিয় টিভি সিরিজ ব্রেকিং ব্যাড-এ গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজোড়া পরিচিত মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে।
সৌদি গেজেটসহ একাধিক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল শেখজানান, শুটিং চলাকালে এসপোসিতো ‘শাহাদাহ’ পাঠ করে ইসলাম গ্রহণ করেন এবং একটি মসজিদে সহকর্মীদের সঙ্গে নামাজেও অংশ নেন।
প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবে অবস্থানকালে কাজের পরিবেশ, স্থানীয় সংস্কৃতি এবং মুসলিম সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ অভিজ্ঞতা তার এই সিদ্ধান্তে ভূমিকা রাখে বলে ধারণা করা হচ্ছে। ভিডিও ফুটেজে তাকে প্রোডাকশন টিমের সঙ্গে মসজিদে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে।
জানা গেছে, বর্তমানে তিনি সেভেন ডগস নামের একটি বড় বাজেটের প্রযোজনার শুটিংয়ে অংশ নিচ্ছেন, যা সৌদি আরবের বিনোদন খাত সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে নির্মিত হচ্ছে।
দীর্ঘ অভিনয়জীবনে এসপোসিতো বেটার কল সল এবং দ্য ম্যান্ডালোরিয়ানসহ একাধিক জনপ্রিয় সিরিজে প্রশংসিত অভিনয় করেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করেছেন।
তবে উল্লেখযোগ্যভাবে, এসব তথ্য বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত হয়েছে এবং এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
















