ঢাবি প্রশাসনের কাছে নিরাপত্তা চাইলেন সর্বমিত্র চাকমা


ঢাবির এক ছাত্রদল নেতা কর্তৃক প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তা চাইলেন ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। তিনি তাঁর ফেরিফায়েড ফেইসবুক পোস্টে লিখেছেন, ‘হে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমি আমার নিজ হলের শিক্ষার্থীদের নিরাপত্তা চাই। আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা চাই।’
সর্বমিত্র চাকমা তাঁর পোস্টে উল্লেখ করেন, ‘আমি দায়িত্ব নেয়ার পর আমার প্রথম চিন্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা। আমি দ্বিতীয় বর্ষে থাকাকালে হলের বাইরে এক ভবঘুরে দ্বারা শারীরিকভাবে আক্রান্ত হয়েছিলাম। তাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা , বিশেষত নারী শিক্ষার্থীরা কি পরিমাণ অনিরাপত্তায় ভোগে আমি সেটা টের পাই।
গত ৯ মে একটা ন্যক্কারজনক ঘটনা ঘটে জগন্নাথ হলে , হল সংসদের সম্মানিত সদস্য সহ ৩০-৪০ জন এক শিক্ষার্থীর রুমে গিয়ে সংঘবদ্ধভাবে মারধর করে। ঘটনা বিস্তৃত হয়নি , কারণ ভুক্তভোগীর ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা ছিল। হলে থাকার কারণে এ সম্পৃক্ততা কম বেশি সকলের ছিল। এমনকি , যে হল সংসদ সদস্য মারধর করে এসেছেন তিনিও ছাত্রলীগ করতেন। ছাত্রলীগ, শিবির ট্যাগ দিয়ে মব করে কাউকে মারধর করে আসা কোনোভাবে জাস্টিফাইড না। তিনি তো লিগ্যাল স্টুডেন্ট , ভোট দিয়ে তাকে হল সংসদ সদস্য তথা প্রতিনিধি বানিয়েছেন। শিক্ষার্থী প্রতিনিধির কাছেই যদি শিক্ষার্থী নিরাপদ না থাকে!’
সর্বমিত্র আরো উল্লেখ করেন, ‘সে ঘটনার সুষ্ঠু বিচার করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ধারাবাহিকতায় গত রাতে ছাত্রদলের যুগ্ম আহবায়ক দুইজন দ্বারা এক প্রতিবন্ধী শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন হলে ,স্রেফ পা উপরে উঠিয়ে বসার কারণে। অথচ, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থী, তার শারীরিক সমস্যা পায়ে। তিনি থাকেনও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত রুমে। সেখানে গিয়ে তাকে মারধর করে আসে। কি পাশবিক! একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষের গায়ে হাত তুলতে হাত কাঁপলো না! আগের ঘটনার সুষ্ঠু বিচার করলে গত রাতে এ ঘটনা ঘটতো না।’
















