তুরস্কে হাসপাতালে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪

fec-image

তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলের এক এলাকার একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্তে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। রোববার দেশটির মুগলা অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মুগলা অঞ্চলের একটি হাসপাতালের ভবনে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়েছে অ্যাম্বুলেন্স হেলিকপ্টারটি। এতে চারজন নিহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতাল থেকে উড্ডয়ন করেছিল। এতে দু’জন পাইলট, একজন চিকিৎসক এবং আরেকজন চিকিৎসা কর্মী ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই মারা গেছেন।

মুগলার আঞ্চলিক গভর্নর ইদ্রিস আকবিয়িক সাংবাদিকদের বলেছেন, হেলিকপ্টারটি প্রথমে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত করে। পরে সেটি মাটিতে আছড়ে পড়ে। তবে এই ঘটনায় ভবনের ভেতরে কিংবা হাসপাতাল চত্বরে থাকা কেউই হতাহত হননি।

ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর ইদ্রিস আকবিয়িক।

দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, হাসপাতাল ভবনের পাশে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এ সময় ঘটনাস্থলে কয়েকটি অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী দলের সদস্যদের দেখা যায়।

সূত্র: রয়টার্স।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন